বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা ঐক্যবদ্ধ থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া শুধু সময়ের ব্যাপার—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, জনগণের সমর্থন ও সঠিক নেতৃত্ব মিললে দেশের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংগারহাট সংলগ্ন এলাকায় বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত কয়েক দিনে তিনি ভোলার বিভিন্ন গ্রাম ও জনপদে সরেজমিনে ঘুরেছেন। “পায়ে হেঁটে, কখনো মোটরসাইকেলে আমি সাধারণ মানুষের কাছে গিয়েছি। তাদের চোখে যে হতাশা দেখেছি, তা উপেক্ষা করার সুযোগ নেই,”—বলেন তিনি। ভোলার যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের চিত্র তুলে ধরে তিনি বলেন, জেলার রাস্তাঘাটের অবস্থা নাজুক, এখনো ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন হয়নি, নেই কোনো মেডিকেল কলেজ। তরুণদের জন্য কাজের ক্ষেত্রও সীমিত।
তিনি বলেন, “ভোলা একটি সম্ভাবনাময় জেলা। কিন্তু পরিকল্পিত উন্নয়ন না থাকায় মানুষ বঞ্চিত হচ্ছে। আমাদের এখানে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের জন্য বড় পরিসরে কাজ করতে হবে।”
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রতীক গরুর গাড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। “বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রির নামে সমাজে ফেতনা ছড়ানো হচ্ছে,”—এমন অভিযোগ তুলে সবাইকে এসব অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান ও এনামুল হক বক্তব্য দেন। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. নুরনবীসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।