আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ওপর অর্পিত সব ধরনের নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে আয়োজিত এক সমন্বয় সভায় এসব কথা বলেন মহাপরিচালক। সভায় স্থানীয় সিভিল প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি বা শঙ্কা ছাড়াই স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে মাঠে কাজ করবে।

মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিরাপদ রাখার পাশাপাশি সারাদেশের ৪৯৫ উপজেলার মধ্যে ৪৮৯ উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩০০টি সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে।

তিনি আরও জানান, নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার জন্য বিজিবি আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। এর মধ্যে রয়েছে হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি), বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি-অন ক্যামেরা। এসব ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ, দ্রুত প্রতিক্রিয়া এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

সমন্বয় সভা শেষে মহাপরিচালক নির্বাচনী বেইজ ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নির্বাচনের অবশিষ্ট সময় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।