বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২ ফেব্রুয়ারি কক্সবাজার সফর করবেন। তার এই সফরকে ঘিরে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলটির দাবি, এ জনসভায় পাঁচ লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটতে পারে।
আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হবে। এর আগে একই দিন মহেশখালীতে আরেকটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। উভয় সমাবেশেই জেলার চারটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজার জেলার নয়টি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকেরা জনসভায় যোগ দেবেন। ইতোমধ্যে পরিবহন, মঞ্চ, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, সারাদেশের মতো কক্সবাজার জেলার চারটি আসনেও দাঁড়িপাল্লার পক্ষে যে গণসমর্থন তৈরি হয়েছে, তা দমন করতে নানা ধরনের হুমকি ও অপপ্রচার চালানো হচ্ছে। তবে আসন্ন জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই এসব অপপ্রচারের জবাব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা জামায়াতের সেক্রেটারি আরও বলেন, জামায়াত আমিরের উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আসন্ন নির্বাচনে জেলার চারটি আসনেই জামায়াত বিজয় অর্জন করবে বলে তারা আশাবাদী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের পাশাপাশি জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা টিম মাঠে দায়িত্ব পালন করবে, যাতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।