জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনী মাঠে দাঁড়িপাল্লার প্রতি জনগণের ব্যাপক সমর্থন দেখে বিএনপি দিশেহারা হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে তারা এখন বিভ্রান্তিকর বক্তব্য ও মিথ্যা প্রচারণার আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, “দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা ঠিক নেই। কখনো বলছে জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে, আবার কখনো সংখ্যালঘুদের ভয় দেখানো হচ্ছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য।” তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে জনগণ অনেক দল ও শাসন দেখেছে, এবার তারা নতুন করে দাঁড়িপাল্লার শাসন দেখতে চায়।

বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, “আজ যারা আমাদের রাজাকার বলে গালি দেয়, তারাই একসময় আমাদের সমর্থন চেয়েছে। ২০০৬ সালে চারদলীয় জোট করার সময় কিংবা এই খুলনা-৫ আসনে আমাকে মনোনয়ন দেওয়ার সময় এসব কথা তাদের মনে ছিল না?” তিনি যোগ করেন, “বিএনপির কাছে কেউ সঙ্গী হলে ভালো, আর আলাদা হলেই সে জঙ্গি—এই দ্বিচারিতা মানুষ এখন বুঝে গেছে।”

তিনি নিজের সংসদ সদস্য থাকার সময়ের কথা তুলে ধরে বলেন, “আমি এমপি থাকাকালে ডুমুরিয়ায় সব ধর্মের মানুষের জন্য সমানভাবে কাজ করেছি। মন্দির উন্নয়ন, নাটমন্দির নির্মাণ, শ্মশান সংস্কার—সবই হয়েছে সরকারি অর্থে। তখন কি দেশ পাকিস্তান হয়ে গিয়েছিল?” প্রশ্ন রাখেন তিনি।

হিন্দু অধ্যুষিত এলাকাগুলো ঘুরে বিভ্রান্তিকর প্রচারের কথা শুনেছেন উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, এসব অপপ্রচার আসলে জনপ্রিয়তা হারানোর ভয়ের বহিঃপ্রকাশ। তিনি দাবি করেন, ডুমুরিয়ার মানুষ এখনো দাঁড়িপাল্লার প্রতীক আঁকড়ে আছে এবং আসন্ন নির্বাচনে তারই প্রতিফলন ঘটবে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখতার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ।