ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির পাঁচ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতিয়ার রহমান মুন্সি ও সদস্য সচিব আব্দুস সোবহানের যৌথ স্বাক্ষরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন—উলিপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ (মিন্টু) মণ্ডল, পৌর সাংগঠনিক সম্পাদক নূর আমিন (পাঠান), আহ্বায়ক কমিটির সদস্য আলম মিয়া, আমজাদ হোসেন এবং ইউনুছ আলী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, অব্যাহতির পর থেকে তারা কেউই জাতীয় পার্টির কোনো সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও উপজেলা সদস্য সচিব আব্দুস সোবহানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া, নির্বাচনী কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ব্যবস্থা অপরিহার্য বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় সূত্র জানায়, উপজেলা জাতীয় পার্টির বর্তমান নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূল পর্যায়ে অসন্তোষ ছিল। সাংগঠনিক দুর্বলতা ও কর্মীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে দলের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী প্রকাশ্যে জাতীয় পার্টির প্রার্থীর বিরোধিতা করেন এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. আক্কাস আলীর প্রতি সমর্থন জানান।
এ বিষয়ে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস সোবহান বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থেই পাঁচ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত বাস্তবায়ন করা ছাড়া বিকল্প ছিল না বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ডা. আক্কাস আলী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে কুড়িগ্রাম-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার তিনি ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে একই আসনে নির্বাচন করছেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।