বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভাকে ঘিরে নওগাঁ শহরের এটিএম মাঠে সৃষ্টি হয়েছে ব্যাপক জনসমাগম। জনসভা শুরুর অনেক আগেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের ভেতরে জায়গা না পেয়ে অসংখ্য মানুষ আশপাশের সড়ক ও শহরের বিভিন্ন প্রান্তে অবস্থান নেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, নওগাঁ ছাড়াও পার্শ্ববর্তী জয়পুরহাট ও বগুড়া জেলা থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে জামায়াত নেতাকর্মীরা শহরে প্রবেশ করছেন। শহরের প্রবেশপথে তারা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। সমাবেশের মঞ্চে জামায়াতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা ধারাবাহিকভাবে বক্তব্য দেন।
সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের অনেকের হাতে দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা দেখা যায়। পাশাপাশি দলীয় মনোগ্রামযুক্ত টি-শার্ট, পাঞ্জাবি ও মাফলার পরিহিত অবস্থায় অংশ নেন বহু কর্মী-সমর্থক। পুরো এলাকা দলীয় স্লোগান ও শ্লোগানে মুখর হয়ে ওঠে।
পত্নীতলা উপজেলা থেকে আসা জামায়াত কর্মী আনিসুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে টেলিভিশনে আমিরে জামায়াতকে দেখেছি। আজ সরাসরি তাকে দেখার সুযোগ পাব—এই আগ্রহ থেকেই ফজরের নামাজ শেষে রওনা হয়েছি।
আরেক কর্মী রফিকুল ইসলাম বলেন, নওগাঁ শহরে জামায়াতের গণজোয়ার সৃষ্টি হয়েছে। শহরের অলিগলি এখন দাঁড়িপাল্লার প্রতীকে ভরে গেছে। ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুর ১২টার দিকে ডা. শফিকুর রহমান নওগাঁর জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি চাঁপাইনবাবগঞ্জে জনসভায় অংশ নেবেন এবং সেখান থেকে রাজশাহী ও নাটোরে ধারাবাহিক জনসভা করবেন।