ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থী মো. আব্দুল বারীর বিরুদ্ধে। ভোটারদের জন্য ভোজের আয়োজন করার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। পরে দুপুরে কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২ ফেব্রুয়ারি ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বিএনপির এক স্থানীয় নেতার বাড়ির আঙিনায় ভোটারদের আপ্যায়নের উদ্দেশ্যে রান্নার আয়োজন করা হচ্ছিল। খবর পেয়ে নির্বাচনী কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে তিনটি বড় পাতিলে খিচুড়ি রান্না হতে দেখেন এবং আরও দুটি পাতিলে রান্নার প্রস্তুতি চলছিল। কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে রান্নার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত স্থান ত্যাগ করেন।
পরবর্তীতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, নির্বাচনী পথসভায় অংশগ্রহণকারীদের আপ্যায়নের জন্যই এই খাবারের আয়োজন করা হয়েছিল। ঘটনাস্থল থেকে রান্না করা খিচুড়ি এবং রান্নার উপকরণ—চাল, ডাল ও তেল জব্দ করা হয়। পরে এসব খাদ্যসামগ্রী স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
নোটিশে আরও বলা হয়, ভোটারদের জন্য যেকোনো ধরনের খাবার বা আপ্যায়নের আয়োজন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩(২ক) ধারার পরিপন্থি। এ কারণে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মো. আব্দুল বারী এই ঘটনার দায় এড়াতে পারেন না। তাকে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ব্যাখ্যা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।
এ বিষয়ে আব্দুল বারীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।