ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার রোধে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে প্রায় ৭৭ লাখ টাকার স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম ফয়সাল হাসান শিশির (২৬)। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার খোশালপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে ৫৮ বিজিবির একটি দল খোশালপুর বাজারের ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকা দিয়ে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায় ফয়সাল হাসান শিশিরকে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে চারটি স্বর্ণের বার এবং একটি ছোট স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়।

আটক ফয়সাল হাসান শিশির মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের বাসিন্দা এবং মুনজিল তরফদারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণগুলো তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩৫৮ দশমিক ৮৪ গ্রাম। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এসব স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৭৭ লাখ ৫২ হাজার ৪১২ টাকা। অভিযানে স্বর্ণ ছাড়াও একটি মোবাইল ফোন এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। স্বর্ণ, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।