জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যারা প্রচার করছে যে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করছে, তা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক ও অপপ্রচার। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কেউ যদি সত্যিই জামায়াতের দেওয়া কোনো জান্নাতের টিকিট দেখাতে পারে, তবে আমরা রাজনীতি ছেড়ে দেবো।”
শনিবার বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান আরও বলেন, “আপনারা সাক্ষী দেন—এখানে হাজার হাজার মানুষ আছেন। জামায়াতের কোনো নেতা বা কর্মী কি কখনো আপনাদের জান্নাতের টিকিট দিয়েছে? না। তাই এই অভিযোগ সম্পূর্ণ অসত্য।”
তিনি রাজনৈতিক প্রতিহিংসা ও অপপ্রচারকেই দায়ী করেন। মুজিবুর রহমান বলেন, “যারা এই কথাগুলো প্রচার করছে, তারা হয় কোরআন-হাদিসের জ্ঞানহীন বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একই দল এক সময় এক কথা বলে, আরেক সময় উল্টো; এমন লোকদেরই আমরা মোনাফেক বলি।”
জনসভায় তিনি ফ্যামিলি কার্ড বিতরণের প্রসঙ্গও উল্লেখ করে বলেন, “যে কার্ড সরকারি দায়িত্বে দেওয়া হয়, তা কোনো রাজনৈতিক দল কিভাবে বিক্রি করতে পারে? যদি তারা অন্যায়ভাবে শুরু করে, পরিণতিটাও আগের সরকারের মতোই হবে।”
মুজিবুর রহমান মহিলা ও শ্রমিকদের কাজের সময় ও বেতনের বিষয়ে তার দলের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “পুরুষরা যেখানে আট ঘণ্টা কাজ করে, আমরা চাই মহিলারা পাঁচ ঘণ্টা কাজ করলেও সমান বেতন পান। কারণ তারা বাড়ি, সন্তান ও পরিবার নিয়েও দায়িত্ব পালন করছেন।”
জনসভায় জয়পুরহাট-১ আসনের জামায়াত প্রার্থী ফজলুর রহমান সাঈদ সভাপতিত্ব করেন। জেলা জামায়াত সেক্রেটারি গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনের প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ, আমার বাংলাদেশ পার্টির জেলা সভাপতি সুলতান মো. শামছুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম কবির ও জেলা ছাত্রশিবির সভাপতি তারেক ইসলাম।