কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে ভোট চেয়ে মাঠে নামলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক ও পারিবারিক স্নেহের কথা উল্লেখ করে তিনি বলেন, শাহজাহান চৌধুরী কেবল একজন প্রার্থী নন, এই অঞ্চলের মানুষের পরীক্ষিত অভিভাবক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উখিয়ার কোটবাজারে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি গর্বের সঙ্গে বলতে চাই, শাহজাহান চৌধুরী আমার বড় ভাইয়ের মতো। ১৯৭৯ সাল থেকে তিনি এই এলাকার মানুষের প্রতিনিধিত্ব করেছেন, জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেছেন। আপনারা যদি আবারও তাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তিনি আরও শক্তভাবে আপনাদের পক্ষে কথা বলতে পারবেন।”

তিনি আরও বলেন, শাহজাহান চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি হিসেবে দলকে সুসংগঠিত রেখেছেন। বয়স ও অভিজ্ঞতার সমন্বয়ে তিনি এখন জনগণের সেবা করার সবচেয়ে উপযুক্ত সময়ে আছেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

বিএনপির রাজনীতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আপসহীন শক্তি। ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই দলের মূল লক্ষ্য।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ধানের শীষ প্রতীকটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেছে নিয়েছিলেন কারণ এটি দেশের মাটি ও মানুষের প্রতীক। অতীতের মতো ভবিষ্যতেও আজীবন জনগণের সেবক হয়ে থাকার অঙ্গীকার করেন তিনি।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কক্সবাজার-১ আসন থেকে প্রার্থী হলেও এবারের নির্বাচনে নিজ এলাকার বাইরে এসে প্রথমবারের মতো কক্সবাজার-৪ আসনে ধানের শীষের পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নেন সালাহউদ্দিন আহমদ।