ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ১৭ বছরে দেশের মানুষ যে দমন-পীড়ন, নির্যাতন ও বঞ্চনার শিকার হয়েছে, তা আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণ বহু ত্যাগ স্বীকার করেছে—জেল খেটেছে, আহত হয়েছে, কেউ কেউ ঘরবাড়ি হারিয়েছে। এই ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে আসতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই পরবর্তী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচনে ভোট দিতে জনগণ মুখিয়ে আছে। তিনি বলেন, “আজ জনতা জেগে উঠেছে। জনগণ আর কাউকে দুঃশাসনের সুযোগ দিতে চায় না। আমরা সবাই মিলে এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে ন্যায়বিচার, মানবিকতা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”
একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা দেশে সন্ত্রাস ও অস্থিরতার রাজত্ব কায়েম করতে চেয়েছিল। নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে তারা সীমা ছাড়িয়েছে। জনগণ তাদের প্রকৃত চেহারা বুঝে গেছে এবং উপযুক্ত জবাব ব্যালটের মাধ্যমেই দেওয়া হবে।
তিনি আরও বলেন, “ধোঁকাবাজি আর দুর্নীতির রাজনীতি এ দেশের মানুষ আর মেনে নেবে না। যারা বারবার দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’ হয়েছে, তাদের প্রতি জনগণের আস্থা শেষ। আগামীর বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক, ইনসাফের বাংলাদেশ।”
জনসভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, চাঁদপুর-৩ আসনের প্রার্থী মো. শাহজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।