ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা অনুদান দিয়েছেন তার স্কুলজীবনের বন্ধু ও সহপাঠীরা। বন্ধুত্ব ও সহমর্মিতার এই ব্যতিক্রমী দৃষ্টান্ত উঠে এসেছে একটি পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে।

শনিবার বিকেলে দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় পুনর্মিলনী অনুষ্ঠান। সেখানে সহপাঠীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হাসনাত আবদুল্লাহর হাতে ১৪ লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আব্দুস সবুর, জামাল মোহাম্মদ কবির ও জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রাক্তন শিক্ষার্থী সরকার সাকিব, আহম্মেদ শুভ, মুহতাদির যারিফ সিক্তসহ বিভিন্ন স্কুলের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে তারা স্মৃতিচারণা করেন এবং বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করেন।

চেক গ্রহণকালে হাসনাত আবদুল্লাহ বলেন, বহু বছর পর প্রিয় স্কুল প্রাঙ্গণে ফিরে আসা তার কাছে আবেগঘন অভিজ্ঞতা। তিনি বলেন, “আমাদের জীবনের ভিত্তি এই বিদ্যালয়েই তৈরি হয়েছে। এখান থেকেই আমাদের স্বপ্ন দেখা শুরু, এখান থেকেই এগিয়ে চলা।”

তিনি আরও বলেন, স্কুলজীবন শেষ হলেও সহপাঠীদের সঙ্গে সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। “অনেকে আজ দেশের বাইরে, কেউ কেউ ভিন্ন পেশায় ব্যস্ত—তবুও এই পুনর্মিলনী প্রমাণ করে, আমাদের বন্ধন এখনও অটুট,” বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বন্ধুবান্ধবদের এই সহযোগিতাকে শুধু নির্বাচনী সহায়তা নয়, বরং আস্থা ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এই ভালোবাসা ও সমর্থন তাকে জনগণের জন্য আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহ দেবে।