কুষ্টিয়া-৩ (সদর) আসনে মুফতি আমির হামজা বিজয়ী হওয়ার পর ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে জেলা বিএনপির কার্যালয়ে তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি খাওয়ান।
দুই নেতা সাক্ষাৎকালে কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। তারা বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হলেও উন্নয়নের প্রশ্নে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।
নবনির্বাচিত সংসদ সদস্য আমির হামজা বলেন, “নির্বাচন শেষ, এখন আমাদের মূল লক্ষ্য কুষ্টিয়ার মানুষের কল্যাণ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সকল রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিকদের নিয়ে আমরা উন্নয়নের কাজ এগিয়ে নিতে চাই।”
বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকারও বলেন, “জনগণের স্বার্থ সবার আগে। কুষ্টিয়ার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে গঠনমূলক ভূমিকা রাখতে আমরা প্রস্তুত।”
সাক্ষাৎকালে জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দীন জোয়ার্দার, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক এবং স্থানীয় জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।