ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জয়পুরহাটে যৌথবাহিনীর বিশেষ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় প্রাঙ্গণে এ মহড়া পরিচালনা করা হয়।

নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন জয়পুরহাট সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. ওয়ালিদ মুরাদ।

মহড়ার মাধ্যমে ভোটগ্রহণ চলাকালে সম্ভাব্য সহিংসতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে যৌথবাহিনীর বিভিন্ন ইউনিট কীভাবে সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে—তা বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা হয়। দ্রুত প্রতিক্রিয়া, দায়িত্ব বণ্টন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কৌশলগত পদক্ষেপ প্রদর্শন করা হয়।

এ সময় সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা অংশ নেন। মহড়ায় যৌথবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে প্রস্তুতির সার্বিক দিক পর্যবেক্ষণ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যৌথবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুজব, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ঘিরে এমন মহড়া নিয়মিত আয়োজনের মাধ্যমে মাঠপর্যায়ের বাহিনীগুলোর সমন্বয় ও প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।