আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের রাজনীতি থেকে সন্ত্রাস, দুর্নীতি ও স্বৈরতান্ত্রিক প্রবণতার চূড়ান্ত বিদায় ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, জনগণের সচেতন ভোটই এবার রাষ্ট্র পরিচালনার গতিপথ বদলে দেবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাঠজুড়ে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
মামুনুল হক বলেন, চব্বিশের গণআন্দোলনের পর যাদের পুনর্বাসন হয়েছে, তাদের একটি অংশ আবারও দেশে ফ্যাসিবাদী শাসন কায়েমের অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণ এবার আর প্রতারিত হবে না। ব্যালটের মাধ্যমেই তারা এসব অপশক্তির বিরুদ্ধে জবাব দেবে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের স্পষ্ট আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেই পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে ১১ দলীয় জোট।
তিনি আরও বলেন, “আজ সারাদেশে রিকশা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ ভালো ও সৎ নেতৃত্বকে সংসদে পাঠাতে প্রস্তুত।” এ সময় তিনি স্লোগানের মাধ্যমে উপস্থিত জনতাকে উদ্দীপ্ত করেন এবং সবাইকে রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
দুপুরের পর থেকেই কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। এতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।
খেলাফত মজলিস কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।