আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি জানান, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে আনসার-ভিডিপি সদস্যরা মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে পাঁচ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন এবং এজন্য এখন থেকেই সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মহাপরিচালক আরও বলেন, আনসার-ভিডিপি বাহিনীর বিশেষত্ব হলো—এদের কোনো স্থায়ী বা নিয়মিত সদস্য নেই। তারা সমাজে সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করেন এবং রাষ্ট্রের প্রয়োজনে জীবিকা ছেড়ে দায়িত্ব পালনে এগিয়ে আসেন। এই আত্মত্যাগী মনোভাবই বাহিনীটিকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি জানান, এই প্রথমবারের মতো দেশের প্রতিটি জেলায় আনসার-ভিডিপির নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ আয়োজন করা হচ্ছে।

নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়েও বিস্তারিত জানান মহাপরিচালক। তিনি বলেন, ইলেকশন কমিশনের নির্দেশনায় ‘সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে আনসার সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ২ থেকে ৩ জন আনসার সদস্যকে অ্যাপে নিবন্ধন করা হবে। নির্বাচন চলাকালে কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বা অভিযোগ পাওয়া গেলে মোবাইল ট্র্যাকিং ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ডিজিটাল ও ফিজিক্যাল সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হয়েছে, যা উপজেলা পর্যায় পর্যন্ত সক্রিয় থাকবে।

অনুষ্ঠানে জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ বিভিন্ন উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে আসন্ন নির্বাচনে ১৩ হাজার ৫০০-এর বেশি আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।