ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী উত্তাপের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের দুটি নির্বাচনী অফিসে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে হামলা চালানো হয়। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে রাত আনুমানিক ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুর ও হেলাই গ্রামে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চারটি মোটরসাইকেলে করে আসা আটজনের একটি দল প্রথমে নিশ্চিন্তপুর এলাকার নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা অফিসের ভেতরে ঢুকে টেবিল, চেয়ার ভাঙচুর করে এবং বাইরে রাখা তিনটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করে। একপর্যায়ে অফিসের ভেতরে একটি ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করে।
একই রাতে হেলাই গ্রামে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের আরেকটি নির্বাচনী অফিসেও হামলা চালানো হয়। সেখানে অফিসের চেয়ার ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। স্থানীয় কয়েকজন বাসিন্দা হামলাকারীদের মধ্যে দুজনকে শনাক্ত করতে পেরেছেন বলে দাবি করেছেন।
হেলাই গ্রামের বাসিন্দা নুর ইসলাম জানান, তিনি ও আরও দুইজন ওই সময় অফিসে অবস্থান করছিলেন। হঠাৎ চারটি মোটরসাইকেলে করে আসা আটজন অফিসে হামলা চালায়। তিনি বলেন, “আমরা দুজনকে চিনতে পেরেছি। তারা পাশের ফয়লা গ্রামের শাওন ও মুন্না।”
স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ঘটনার সময় তিনি নির্বাচনী প্রচারণায় অন্য এলাকায় ছিলেন। পরে জানতে পারেন তার দুটি অফিসে হামলা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “স্থানীয়রা হামলাকারীদের শনাক্ত করেছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।” তিনি আরও জানান, তার সমর্থকরা এখনো ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, দুটি অফিসেই কেউ উপস্থিত না থাকায় হামলাকারীরা ভাঙচুর চালিয়েছে। একটি অফিস থেকে কালো টেপে মোড়ানো একটি জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে, যা ককটেল হতে পারে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।